আউটসোর্সিংয়ে অন্যতম আয়ের খাত হবে অ্যানিমেশন : পলক

২৯ অক্টোবর, ২০২৩ ১৪:৫৮  

খোকা হবে ১০ পর্বের, মুক্তি পেলো ৫ পর্ব

বঙ্গবন্ধুকে নিয়ে ৪৭ মিনিটের অ্যানিমেশন ফিল্ম মুজিব আমার পিতা, বঙ্গবন্ধুর শৈশব নিয়ে  ৪৫মিনিটের অ্যানিমেশন ফিল্ম মুজিব ভাই এবং ২৭ মিনিটের রাসেল আমাদের ছোট্ট সোনা থ্রিডি অ্যানিমেশনের পর এবার বঙ্গবন্ধুর শৈশব নিয়ে রবিবার রাজধানীর নভোথিয়েটারের সিনেপ্লেক্সে মুক্তি পেলো আইসিটি বিভাগের চতুর্থ প্রযোজিত অ্যানিমেশন সিরিজ ‘খোকা’। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, হাসপাতালের নার্স, সাংবাদিক ও অ্যানিমেশন ফিল্মটির কলাকুশলীদের নিয়ে ৪৭ মিনিটের সিজন-১ উপোভোগ করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, আগামী ১০ নভেম্বর থেকে প্রতি শুক্রবার টেলিভিশনে প্রিমিয়ার হবে খোকা। এরপর ওটিটি হয়ে ইউটিউব ফেসবুকেও প্রকাশ করা হবে ৪৭ মিনিটের অ্যানিমেশন মুভি। মুভিটি হবে ১১০ মিনিটের মতো। মুভিতে বঙ্গবন্ধুর শৈশব-কৈশর ও তারুণ্যকে তুলে ধরা হবে।   

পলক বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ অসাম্প্রদায়িক চেতনার সমস্যার সমাধানকারী স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে আমরা বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ শিশুদের কাছে তুলে ধরতে চাই। তারা যেনো বঙ্গবন্ধুর মতো গড়ে ওঠার উৎসাহ পায়। তারা যদি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে গড়ে ওঠে; তাহলে তারা পরিবারের, দেশ ও বিশ্বের সম্পদ হবে।  

সৃজনশীল সংস্কৃতি উন্নয়নের মাধ্যমে দেশ দীর্ঘমেয়াদে উপকৃত হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে এখন অ্যানিমেশন শিল্পের বাজার ৪০০ বিলিয়ন ডলারের। এই বাজারে আমাদের ন্যয্য হিস্যা আদায়ে দেশের তরুণ-তরুণীদের মেধাকে কাজে লাগাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে একটি অ্যানিমেশন ল্যাব স্থাপন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আমার বিশ্বাস আউটসোর্সিংয়ে অন্যতম আয়ের খাত হবে অ্যানিমেশন। সেটা উৎসাহিত করতে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল অ্যাপস অ্যান্ড গেইম প্রকল্পের অধীনে অ্যানিমেশন ল্যাব করেছি। এবার অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা নতুন একটি প্রকল্প হাতে নিচ্ছি। হাজার হাজার তরুণকে এনিমেটর হিসেবে তৈরি করে আমরা আগামী দিনের স্মার্ট ইকোনোমিতে দেশে একটি এনিমেশন শিল্প হিসেবে গড়ে তুলতে পারি।

সামরিক জাদুঘরের কিউরেটর, মোবাইল অ্যান্ড গেইম প্রকল্প পরিচালক, নির্মাতা ও সহযোগী প্রতিষ্ঠান মার্স সল্যুশন, টিম অ্যাসোসিয়েট, ম্যাজিক ইমেজ এবং প্রোল্যান্সর স্টিডিওর শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।